‘১৭ মিনিটের ভার্চুয়াল মিটিংয়ে সিদ্ধান্ত, রাতেই ট্রেনে আগুন’ 

৬ জানুয়ারি, ২০২৪ ১৫:২৮  

‘শুক্রবার সন্ধ্যা ৬টায় ভার্চুয়ালি মিটিংয়ে ট্রেনে আগুন দেওয়ার সিদ্ধান্ত হয়। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে ১৭ মিনিটের এই মিটিংয়ে একজনকে দায়িত্ব দেওয়া হয় ট্রেনে আগুন দেওয়ার জন্য। এর পরে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়।’

রাজধানী গোপীবাগে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৬ ব্যাক্তির মধ্যে যুবদল নেতা কাজী মনসুর এর ভিডিও স্বীকারোক্তিতে এই তথ্য জানা গেছে। ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

সেখানে দেখা যায়, কোরআন শরীফ ছুঁয়ে এবং নিজের শিশু বাচ্চার কসম খেয়ে জিজ্ঞাসাবাদে কাজী মনসুর ডিবিকে জানায়, তারা গতকাল একটি ভার্চুয়াল মিটিং করেন। মিটিং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুবদল নেতা রবিউল ইসলাম নয়নসহ আরো অনেকে ছিলেন। প্রায় ১৭ মিনিট ধরে মিটিংটি চলে। ভার্চুয়ালি এই মিটিং এ দুটি সিদ্ধান্ত হয়েছে। প্রথম সিদ্ধান্ত ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। আর দ্বিতীয় সিদ্ধান্ত হয় ট্রেনে আগুন দেওয়ার। এ সময় মিটিংয়ে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন জিজ্ঞাসা করেন ট্রেনে আগুন দিতে পারবে কে। তখন মিটিংয়ে উপস্থিত একজন রাজি হয় ট্রেনে আগুন দেওয়ার বিষয়ে।

এদিকে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের সঠিক নাম-ঠিকানা শনাক্তপূর্বক গ্রেফতার, অর্থের জোগানদাতা ও ঘটনার মূলরহস্য উদঘাটনের জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীকে তিনদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছেন ডিবি পুলিশ।

অপরদিকে দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর লেনের ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আগুন সন্ত্রাসের ঘটনাগুলো ঘটানো হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়।  গোয়েন্দা সংস্থার রিপোর্ট হচ্ছে, নাশকতা করার পর এগুলোর ছবি তোলা এবং ভিডিও করা হয় এবং সেগুলো লন্ডনে পাঠানো হয়। সেগুলো পাঠালে নাশকতাকারীদের দলে পদোন্নতিসহ নানাভাবে পুরস্কৃত করা হয়। 

প্রসঙ্গত, শুক্রবার রাতে গোপীবাগে ট্রেনে আগুনের দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মরচুয়ারীতে রয়েছে। পুলিশ ও হাসপাতার কর্তৃপক্ষ নিহতদের পরিচয় এখনও সনাক্ত করেনি। তবে নিখোঁজ চারজনের পরিবার হাসপাতালে আসলেও তারাও লাশ সনাক্ত করতে পারেনি এখনও।এ ছাড়া ওই ট্রেনে দগ্ধ হয়ে ৮ জন শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি রয়েছেন।